ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাবিদ যতীন সরকার আর নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৩:৪৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৬:২৭:৫৪ অপরাহ্ন
শিক্ষাবিদ যতীন সরকার আর নেই ​ফাইল ছবি
দেশবরেণ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক যতীন সরকার (৮৯) আর নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক যতীন সরকার বহু মাস ধরে বার্ধক্যজনিত সমস্যা ও পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। কিছু মাস আগে বিভিন্ন কারণে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। সুস্থ হওয়ার পর নেত্রকোনার নিজ বাড়িতে বসবাস করছিলেন।

গত জুনে শোবার ঘরের বারান্দা থেকে পত্রিকা আনতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনায় তার ডান ফিমার নেক ফ্যাকচার হয়। এরপর তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক দীর্ঘ সময় মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।

লেখক হিসেবে অধ্যাপক যতীন সরকার অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য– স্বাধীনতা পুরস্কার (২০১০), বাংলা একাডেমি সাহিত্য পদক (২০০৭), প্রথম আলো বর্ষসেরা গ্রন্থপুরস্কার (২০০৫) ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার এবং মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার।

৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় কাজ করার পর ২০০২ সালে অবসর গ্রহণের পর তিনি স্ত্রী কানন সরকারকে নিয়ে নেত্রকোনায় ফিরে আসেন।

তার প্রকাশিত গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে রয়েছে– ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’, ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’, ‘বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য’, ‘প্রাকৃতজনের জীবনদর্শন’।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ