যন্ত্রাংশ উদ্ধার না হওয়ায় অনিশ্চিত আখ মাড়াই
নাটোর চিনিকলে বাড়ছে লোকসানের শঙ্কা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৮-২০২৫ ০৩:২৫:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৮-২০২৫ ০৩:২৫:১৬ অপরাহ্ন
নাটোর চিনিকল থেকে ৯০ লাখ টাকার বেশি যন্ত্রাংশ ডাকাতি হওয়ার ঘটনায় ৭জন গ্রেপ্তার হলেও লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে আগামী নভেম্বর থেকে আখ মাড়াই অনিশ্চিত হয়ে হয়ে পড়েছে। নভেম্বরে আখ মাড়াই শুরু করতে না পারলে আবারও চিনিকলটি লোকসান গুনবে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে পুলিশের দাবি, লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে।
গত ৩ আগস্ট নাটোর চিনিকলে ১২ জন নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও মধ্যরাত থেকে ভোরের মধ্যে একদল ডাকাত মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে চলে যায়। ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি।সংশ্লিষ্টরা জানাচ্ছেন, চিনিকলের আখ মাড়াই কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি আগস্ট মাসের মধ্যে যদি যন্ত্রাংশ উদ্ধার না হয়, তাহলে মাড়াই শুরু করার পরীক্ষা সম্ভব হবে না।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, ২০০৮ সাল থেকে চিনিকল টানা লোকসান বয়ে যাচ্ছে। তবে গত তিন মৌসুমে আখের দাম বাড়ানোর কারণে আখের উৎপাদন বেড়েছে। তিনি আরও বলেন, গত মৌসুমে আখ সরবরাহ বাড়ানোর কারণে ২ হাজার ৯০০ মেট্রিক টন বেশি চিনি উৎপাদিত হয়েছে, যা গতবছরের ৪ কোটি টাকা লোকসান কমাতে সাহায্য করেছে। এছাড়া চিনিকলকে লাভজনক করতে ২০২৫-২৬ সালের মাড়াই মৌসুমে চিনির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে লুট হওয়া যন্ত্রপাতির কারণে চিনিকলের আখ মাড়াই কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে জানিয়ে আখলাছুর রহমান বলেন, যেখানে গতবার ডিসেম্বরের শেষের দিকে আখ মাড়াই শুরু হলেও, আগামী মৌসুমে নভেম্বর থেকেই মাড়াই শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছিল। তাই লুট হওয়া যন্ত্রাংশের বিকল্প নেই। স্বল্প সময়ে যন্ত্রাংশ প্রস্তুত বা আমদানি করা সম্ভব নয়। তাই দ্রুত যন্ত্রাংশ উদ্ধার করা প্রয়োজন।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ ১৩ আগস্ট পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করলেও যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে গত মৌসুম পর্যন্ত চিনিকলটি ২০০ কোটি টাকার বেশি লোকসান করেছে। চিনিকলটি লাভে আনতে আগামী মৌসুমে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ২০০ মেট্রিক টন চিনির উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স