বিদ্যালয় ভবন যেন মৃত্যুফাঁদ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৫ ০৪:৪৮:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৫ ০৭:২০:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই ভবনেই চলছে পাঠদান, ঝুঁকির মধ্যে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ৪ জন, তবে ৬টি অনুমোদিত পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ২টি পদ শূন্য। ২০০২ সালে নির্মিত একতলা চার কক্ষবিশিষ্ট ভবনটির ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। মাঝেমধ্যে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকছে। এর প্রভাব পড়েছে ভর্তি সংখ্যাতেও—ক্রমশ কমছে শিক্ষার্থী।
বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার, মাহবুব ও তায়েব মণ্ডল জানান, আশেপাশের বিদ্যালয়গুলোতে নতুন ভবন হলেও তাদের বিদ্যালয়ে এখনও কোনো নতুন ভবন হয়নি। পুরনো ভবনের ফাটল ও খসে পড়া পলেস্তারার কারণে ভয় নিয়ে ক্লাস করতে হয়, যা অভিভাবকদেরও দুশ্চিন্তায় রাখছে।
স্থানীয় অভিভাবক স্বপন মণ্ডল বলেন, আমার ছেলে তায়েব কয়েকদিন আগে জানায় ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। পরে গিয়ে দেখি সত্যিই ভবনের অবস্থা নাজুক। প্রতিদিন ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা আতঙ্কে থাকি। দুর্ঘটনা ঘটার আগেই এর সমাধান চাই।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল মোল্লা জানান, বিকল্প শ্রেণিকক্ষ না থাকায় ঝুঁকি নিয়ে পাঠদান চালাতে হচ্ছে। অফিসসহ চারটি কক্ষের মধ্যে তিনটিতেই ফাটল ধরেছে। অভিভাবকেরা সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন। দ্রুত বিকল্প পাঠদানের ব্যবস্থা না হলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন।
বকশীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম বলেন, ‘বিষয়টি তাদের নজরে রয়েছে। ইতোমধ্যে নতুন ভবনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’
এলাকাবাসী ও অভিভাবকেরা দাবি করেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কামালের বার্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত নতুন ভবন নির্মাণ এবং বিকল্প নিরাপদ পাঠদানের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স