ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৭:৪৪ অপরাহ্ন
​১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম ​ছবি: সংগৃহীত
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম অর্থপাচার মামলায় দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অর্থপাচার আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার সাত দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড এবং ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা নির্ধারণ করেন আদালত।

রায়ের পর জি কে শামীম ও তার দেহরক্ষীদের সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানো হয়। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন শামীম। বৃহস্পতিবার (৭ আগস্ট) আপিলের শুনানি শেষে হাইকোর্ট তাকে খালাস দেন।

এর আগেও ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে জি কে শামীমের বাড়ি ও অফিসে র‌্যাব অভিযান চালায়। অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, নগদ ১ কোটি ৮১ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও মদ জব্দ করা হয়। পরদিন গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন র‌্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান। ২০২০ সালের ৪ আগস্ট মামলার চার্জশিট জমা দেয় সিআইডি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ