১৫ নভেম্বর পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো!

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১১:৩৪:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১১:৩৪:২৬ পূর্বাহ্ন
অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই তারকা ইতালির সিরি-সি এর দল র‍্যাভেনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন।

আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে বহুল আলোচিত ডার্বি ম্যাচে নামবেন ড্রিবলিংয়ের এই জাদুকর।
গত জুনে প্রথমবার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। অবশেষে শুক্রবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন তিনি। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠ মাতিয়েছিলেন ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

এক বিজ্ঞপ্তিতে সিরি-সি’র ক্লাব র‍্যাভেনা বলেন, ‘এটি এমন এক আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে ঘুরিয়ে দেবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য ভেবেছিলেন, তবে আমরা আনুষ্ঠানিকভাবেই ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।’

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র‍্যাভেনা এত দিন বিশ্বফুটবলে অচেনাই ছিল।

তবে রোনালদিনহোর যোগদানে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে দলটি। ২০২৪ সালে ক্লাবটি কেনেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি, যিনি বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ানকে শৈশবের আইকন হিসেবে মানেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে।

আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র‍্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে।’


বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :