তিন বছর ধরে অকেজো দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যাম

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ০২:৩৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ০২:৩৫:২৩ অপরাহ্ন
ভরা সেচ মৌসুমে দিনাজপুরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যামটি অকেজো হয়ে পড়ে আছে। রাবারের একটি অংশ ফুটো হয়ে যাওয়ায় নদীর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে চরম সেচ সংকটে পড়েছেন এই ড্যামের ওপর নির্ভরশীল কয়েক হাজার কৃষক। তবে কৃষকদের দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

দিনাজপুরের সদর উপজেলার মোহনপুরে আত্রাই নদীর ওপর এই রাবার ড্যামটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১৩৫ মিটার দৈর্ঘ্যের এই ড্যাম চালুর পর থেকে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে ৮০টি গ্রামের প্রায় ৫ লাখ মানুষ উপকৃত হয়ে আসছিলেন। খরা মৌসুমে ড্যামের রাবার ফুলিয়ে আত্রাই নদীর পানি ধরে রাখা হতো। গত তিন বছর ধরে ড্যামটির দুটি স্থানে প্রায় ৪ ফুট জায়গা জুড়ে রাবার ফুটো হয়ে আছে। ফলে পানি ধরে রাখতে না পেরে শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ছেন কৃষকরা। কর্তৃপক্ষ কয়েকবার মেরামত করলেও তা কোনো কাজে আসেনি। বর্তমানে চলছে ভরা বোরো মৌসুম। হালচাষ থেকে শুরু করে চারা রোপণের কাজ চললেও নদী থেকে সেচের পানি না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামের কৃষক আজিজার রহমান জানান, তিনি আড়াই বিঘা জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছর আত্রাই নদীর আটকানো পানি দিয়েই তিনি আবাদ করেন। কিন্তু এবার ড্যাম নষ্ট থাকায় নদীতে পানি নেই। পানির অভাবে জমি প্রস্তুত ও ধান রোপণ করতে পারছেন না তিনি। মোহনপুর এলাকার কৃষক সাহের আলী বলেন, ‘গত ৩-৪ বছর ধরেই এই অবস্থা। পানি ধরে রাখতে না পারায় বেশি দাম দিয়ে শ্যালো মেশিন বসিয়ে সেচের পানি নিতে হচ্ছে।’ বর্তমানে চীন থেকে নতুন রাবার এনে তা প্রতিস্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রাইম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন’। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আকবর আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।

কোম্পানির কর্মকর্তা ইমাম হোসেন বলেন, ‘রাবারগুলো বিভিন্ন কারণে ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারছে না। তাই চীন থেকে রাবার এনে প্রতিস্থাপন করা হচ্ছে। মানসম্মত কাজের জন্য আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ রাবার ড্যাম নষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রিশাদ জামান। তিনি বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। তবে ৩ বছর যাবত রাবার ফুটো হয়ে যাওয়ায় কৃষকদের কাঙ্ক্ষিত সেবা দেয়া যাচ্ছে না। এলজিইডি দ্রুত দরপত্র আহ্বান করে রাবার প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে।’

এলজিইডির তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে ১৬ কোটি টাকা ব্যয়ে এই রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে নির্মিত এই স্থাপনাটি দেশের বৃহত্তম রাবার ড্যাম হিসেবে পরিচিত থাকলেও চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় অবস্থিত দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের পর তা দ্বিতীয় অবস্থানে চলে আসে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :