স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪৫:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১১:৪৫:২৪ পূর্বাহ্ন
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন জয় সরকার নামে এক যুবক। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জয় সরকারের মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী-সন্তানকে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম। নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের কন্যা জিনি সরকার।

স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেন আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন বাবা-মেয়ের মৃত্যু হয়।

আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই বৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। ওসি বলেন, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :