ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ভারতের দেড় বিলিয়নের প্রকল্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৫:৩৪:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৫:৩৪:১৪ অপরাহ্ন
জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ভারতের দেড় বিলিয়নের প্রকল্প ​ছবি: সংগৃহীত
নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার পাশাপাশি ভারতের জ্বালানি নিরাপত্তা ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর সর্বশেষ উদ্যোগ হিসেবে দেশজুড়ে গ্রিডভিত্তিক জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলতে ১.৫ বিলিয়ন ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

চলতি সপ্তাহে সরকার জানিয়েছে, এ প্রকল্পের আওতায় এখনো চালু না হওয়া ৯২ গিগাওয়াট-ঘণ্টা (জিডব্লিউএইচ) জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তোলা হবে। এই সক্ষমতা ভারতের বিদ্যমান গ্রিডভিত্তিক জ্বালানি সংরক্ষণ সক্ষমতার ১৭০ শতাংশের সমান।

গ্রিডভিত্তিক এই সংরক্ষণব্যবস্থা ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত কার্যকর থাকবে। এর আওতায় ৬০ গিগাওয়াট-ঘণ্টা পাম্পড হাইড্রো স্টোরেজ, ৩০ গিগাওয়াট-ঘণ্টা ব্যাটারি স্টোরেজ এবং উদীয়মান সংরক্ষণ প্রযুক্তির মাধ্যমে আরো ২ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতা গড়ে তোলা হবে।

সরকারের প্রত্যাশা, আগামী পাঁচ বছরে এসব প্রকল্পে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।

প্রকল্পের মূল দিকগুলো

সংরক্ষণ সক্ষমতা

২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৯২ গিগাওয়াট-ঘণ্টা (জিডব্লিউএইচ) নতুন সংরক্ষণ সক্ষমতা তৈরি করা হবে, যা বিদ্যমান ক্ষমতার ১৭০ শতাংশ। এর মধ্যে ৬০ জিডব্লিউএইচ পাম্পড হাইড্রো, ৩০ জিডব্লিউএইচ ব্যাটারি এবং ২ জিডব্লিউএইচ উদীয়মান প্রযুক্তিভিত্তিক।

বিনিয়োগ ও স্বনির্ভরতা

পাঁচ বছরে প্রায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাটারি প্রকল্পে অন্তত ৪০ শতাংশ দেশীয় উপকরণ ব্যবহার বাধ্যবাধকতা করা হয়েছে।

এ ছাড়া লিথিয়াম ও নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানা তৈরিতে ৩০০ মিলিয়ন ডলারের একটি পৃথক প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সংকট ও প্রয়োজনীয়তা

ভূরাজনৈতিক অস্থিরতা ও ইরানকেন্দ্রিক যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি ঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ জরুরি ছিল। দিন ও সন্ধ্যার বিদ্যুৎ চাহিদার তারতম্য এবং নবায়নযোগ্য জ্বালানির ওঠানামা সামাল দিতে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা অপরিহার্য। ২০৩১-৩২ সালের মধ্যে ভারতের ৪১১ জিডব্লিউএইচ স্টোরেজ সক্ষমতা প্রয়োজন হলেও ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯.১ জিডব্লিউএইচ ব্যাটারি স্টোরেজ চালু ছিল।

পরিচ্ছন্ন জ্বালানির লক্ষ্যমাত্রা

বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ ভারত ২০৭০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ এবং ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অ-জীবাশ্ম বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে নিঃসরণের ঘনত্ব ৪৫ শতাংশ কমানোর লক্ষ্যও রয়েছে দেশটির। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতের সৌরবিদ্যুৎ সক্ষমতা ১৭১ গিগাওয়াট এবং জলবিদ্যুৎ সক্ষমতা প্রায় ৫৭ গিগাওয়াটে পৌঁছেছে।
নরেদ্র মোদির বক্তব্য

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকল্পটির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এটি বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরো বিস্তৃত করতে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।

মোদি বলেন, ‘মন্ত্রিসভা ৯২ গিগাওয়াট-ঘণ্টা জ্বালানি সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলতে ১৪ হাজার ৫০০ কোটি রুপির বড় একটি উদ্যোগ অনুমোদন করেছে। এর মাধ্যমে আনুমানিক প্রায় ১ লাখ কোটি রুপির বিনিয়োগ আসবে।’

তিনি আরো বলেন, ‘এর ফলে বিদ্যুৎ সরবরাহ আরো নির্ভরযোগ্য হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরো শক্তিশালী হবে।’

তথ্যসূত্র : খালেজ টাইমস
মূল প্রতিবেদনটি পড়তে ক্লিক করেন

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ