চাটমোহরে সার বিতরণ ঘিরে উত্তেজনা, ৬০০ বস্তা লুটের অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১১-২০২৬ ০৪:৪৩:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১১-২০২৬ ০৪:৪৩:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক ডিলারের গুদাম ভাঙচুর করে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ছাইকোলা ইউনিয়নে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার প্রদীপ কুমারের ডিলার পয়েন্ট থেকে বিতরণ করা হচ্ছিল। সেখানে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য এরই মধ্যে ১৭১টি মেমোও কাটা হয়েছিল।
একপর্যায়ে সেখানে উপস্থিত কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় ডিলার পয়েন্টে ভাঙচুর চালিয়ে প্রায় ৬০০ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কেন এমন ঘটনা তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। বিস্তারিত তথ্য পরে জানাতে পারবো।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স