ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-১১-২০২৬ ০১:০৫:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ০১:১৪:৪৮ অপরাহ্ন
অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, নিবন্ধন ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা ফাইল ছবি
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিধিমালার বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ক্ষমতাবলে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা।

প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক। ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর।

নতুন নিয়মে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার। স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় তা ১৫ কিলোমিটার। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাতে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটিতে বাণিজ্যিকভাবে চালানো যাবে না।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ