ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদ খান

জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা ন্যারেটিভ ছড়িয়েছে আমার দেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১১-২০২৬ ০১:০৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১১-২০২৬ ০১:০৩:৫৭ অপরাহ্ন
জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা ন্যারেটিভ ছড়িয়েছে আমার দেশ ফাইল ছবি
দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে আওয়ামী লীগের এক ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্যের প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত হওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং তার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ করেছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ফেসবুকের এক পোস্টে এ কথা জানান।
 
ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ‘আমার দেশ’ পত্রিকায় যাতে আমার কোনো বক্তব্য প্রচার না করা হয়, এ জন্য সম্পাদক মাহমুদুর রহমান আমার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সে সময় আমি তথ্য উদঘাটন করে জানতে পারি যে ‘আমার দেশ’ পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের এক পদধারী নেতা, বড় ব্যবসায়ী ও ডামি এমপির কম্পানির ফান্ডিংয়ে। 

তিনি আরো লেখেন, আমি শুরুতে অবাক হয়ে মাহমুদুর রহমানের হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্য-প্রমাণ পাঠাই।

তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি ভাবছিলাম, হয়তো বিষয়টি তার অগোচরে হচ্ছে। যে কারণে তাকে বারংবার টেক্সট করে তথ্য-প্রমাণ পাঠিয়েছি। কিন্তু তিনি বিষয়টি টোটালি এভয়েড করেন এবং আমার কল রিসিভ করাও বন্ধ করে দেন।

রাশেদ খান লেখেন, পরবর্তী সময়ে আমার দেশ পত্রিকার একজন দায়িত্বশীলের সঙ্গে কথা বললে, তিনি উত্তরে বলেন, ভাই, আমাদের তো পত্রিকা চালাতে হয়! তিনি আমাকে বিষয়টা এভয়েড করতে অনুরোধ করেন। এই ঘটনায় মাহমুদুর রহমানের চরিত্র আমার কাছে উন্মোচন হয়ে যায়। পত্রিকা চালানোর জন্য তিনি গণ-অভ্যুত্থানের বিরোধীপক্ষের সঙ্গে আপস করতে জানেন। 

তিনি আরো লেখেন, আমি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হওয়ায় আমার দেশ পত্রিকার মিথ্যা বয়ান ছিঁড়ে ফেলেছি। কিন্তু কিছু মিডিয়া প্রচার করছে, আমি ফেসবুক লাইভে আমার দেশ ছিঁড়ে ফেলেছি।

আমি কোনো ফেসবুক লাইভ করিনি। আমি ফরমাল ভিডিও আকারে প্রতিবাদ পাঠিয়েছি।
তিনি জানান, আমার কোনো যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারে। কিন্তু একটি পত্রিকা আমাকে আওয়ামী লীগ ট্যাগিং করে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি মর্মে বিভ্রান্তিমূলক লিড নিউজ করতে পারে না। প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ হয়ে এবং জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এমনটি করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, মূলত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের ঘটনায় মিয়া গোলাম পরওয়ারকে সেভ করতে  ও জামায়াতের পক্ষে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে পরিকল্পিতভাবে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমার এক হওয়ার অপতথ্য প্রচার করেছে আমার দেশ পত্রিকা। 

তিনি আরো লেখেন, যেহেতু আমার দেশ পত্রিকা বর্তমানে জামায়াতের রাজনৈতিক মুখপাত্র হিসেবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে সেটির জবাব না দিলে মিথ্যা বলতে বলতে একসময়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করে ফেলত।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ