ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৪:০৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৪:০৮:১৩ অপরাহ্ন
​গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে ​ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানার গুদামে হঠাৎ আগুন জ্বলে ওঠে। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, আগুন যাতে গুদাম থেকে কারখানার মূল প্ল্যান্ট বা আশপাশের অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৪ অক্টোবর বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।

মাঝে ১৭ অক্টোবরও আরেকটি বড় অগ্নিকাণ্ড ঘটে কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ওই আগুন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ