ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৬:৩১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৭:৪৯:৩১ অপরাহ্ন
ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান ​ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এসব ভুয়া অ্যাকাউন্টের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইদানীং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।

এতে আরও বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটিমাত্র ভেরিফায়েড (ব্লু-ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে এসব ভুয়া পেজ ও অ্যাকাউন্ট থেকে প্রচারিত কোনো কনটেন্ট আমলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাশাপাশি এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও পেজের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বানও জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ