একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৭-২০২৬ ০৪:০৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৬ ০৪:৩৩:০০ অপরাহ্ন
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মোশাররফ হোসেন চৌধুরী সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আতাউর রাব্বি, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফার হোসেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, বিআর সারদার ডিআইজি মো. ওয়ালী হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, বিএমপি সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তারাক উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা বেগম, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ ও কামিক ফারজানা, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি রকুনুজ্জামান নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কে এম বেনজির, টিআইএম ঢাকার পুলিশ সুপার আবু রুম্মান মো. তৌহিদ, সিআইডির ডিআইজি নানা শামীমুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মো. ফারিয়া ইয়াসমিন।
সরকারের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স