ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১০:৩১:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:০৩:৩৯ অপরাহ্ন
​পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ ​ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈঠকে ভাড়া নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি ও ডলারের দামের প্রভাবের কারণে পরিবহন খাত আর্থিক চাপে পড়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পরিবহন নেতারা বলছেন, খাতটির স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির মূল্য ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি।

এর আগে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভাড়া সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়।

বর্তমানে দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ