ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো ভক্ত-অনুসারি, মুখরিত কুয়াকাটা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:৪২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:৪২:১১ অপরাহ্ন
​অক্ষয় তৃতীয়ায় সমুদ্রস্নানে হাজারো ভক্ত-অনুসারি, মুখরিত কুয়াকাটা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে কুয়াকাটা সমুদ্র সৈকতে ধর্মীয় আচার অনুষ্ঠান ও সমুদ্রস্নান করেছেন শত শত অনুসারি। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই সাগরকন্যা কুয়াকাটায় জড়ো হন শত শত পুণ্যার্থী। সমুদ্র স্নানকে তারা পূণ্যস্নান মনে করছেন। ভক্ত-অনুসারিদের পদভারে কুয়াকাটা মুখরিত হয়ে ওঠে।

আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানকে ঘিরে সোমবার ভোর থেকে শুরু হয় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা। সকাল ১০টার দিকে সমুদ্রসৈকতে শুরু হয় সমুদ্রস্নান।

ভক্ত-অনুসারিদের ধর্মীয় বিশ্বাস মতে, অক্ষয় তৃতীয়া তিঁথি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এর জন্ম হয়, যা পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া এদিনই বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন বলে বিশ্বাস করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামীসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবৃন্দ।

এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তরা অংশ নেন ধর্মীয় আলোচনা, গীতা পাঠ ও প্রার্থনায়। অনেকে পরিবার-পরিজন নিয়ে স্নান শেষে ধর্মীয় আচার পালন করেছেন।

অমিতাভ বিশ্বাস নামের এক ভক্ত জানান, এই তিঁথিতে সমুদ্রস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। লাঘব হয় জীবনের দুঃখ-কষ্ট। এমন বিশ্বাস নিয়েই এসব ধর্মীয় আচারে মিলিত হন ভক্ত-অনুসারিরা।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় অক্ষয় তৃতীয়া উদযাপন করা হয়েছে। আগত ভক্তদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা ছিল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ