ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীর কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৭:০৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:০৯:১৯ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীর কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয় ​ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (৭ মার্চ) ছুটির দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে এসংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং সংকটের কোনো কারণ নেই। 

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যে জ্বালানি অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ দ্রুততম সময়ে নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এ ছাড়া, দেশে যেন কোনো সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আন্তর্জাতিক উৎসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডিজেলের মজুদের বিষয়ে মনির হোসেন চৌধুরী জানান, দেশে ডিজেলের মাসিক চাহিদা ৩ লাখ ৮০ হাজার টন। বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে ১ লাখ টনের বেশি ডিজেল মজুদ রয়েছে।

তিনি আরো জানান, চাহিদার অবশিষ্ট ২ লাখ ৮০ হাজার টন ডিজেলের মধ্যে কিছু অংশ ইতিমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে, কিছু পরিমাণ সমুদ্রে জাহাজে রয়েছে এবং বাকি অংশ শিপমেন্ট প্রক্রিয়ায় আছে। ফলে চলতি মার্চ মাসে ডিজেল সংকটের কোনো আশঙ্কা নেই। এ ছাড়া আরো চারটি ভিন্ন উৎস থেকে অতিরিক্ত ১ লাখ টন ডিজেল আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে সরবরাহকারীদের সাথে নথিপত্র প্রক্রিয়াকরণের পর্যায়ে রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ